কক্সবাজারে হত্যা ও ডাকাতির মামলার এক আসামি গণপিটুনিতে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের হাদিরঝিরির জঙ্গলে এ ঘটনা ঘটে। নিহত পুতু লালের বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় অস্ত্র, ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।
পুতু লালের বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে।
এর আগে ওই জঙ্গলে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন। তিনি বলেন, গোলাগুলির পর পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন ডাকাতদের আস্তানা ঘিরে ফেলে। একপর্যায়ে দুই ডাকাত পুতু লাল (৩২) ও মোস্তাক আহমদকে (৩৫) ধরে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলে পুতু লাল নিহত হন। পরে দুটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ মোস্তাক আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, পুলিশের ওপর হামলাসহ ১০টি মামলা রয়েছে। তাঁর বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামে।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে স্থানীয় কয়েকজন রাখাল গহিন জঙ্গলে গরু খুঁজতে যায়। এ সময় হাদিরঝিরি জঙ্গলে অস্ত্রধারী ডাকাতদের দেখে তারা পালিয়ে আসে। পরে এ খবর তিনি মুঠোফোনে পুলিশকে জানান। এরপর পুলিশ মাঠে নামে। দুই ডাকাতকে ধরার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে পুতু মারা যান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাহাড়টি ঘিরে ফেলে। একই সময়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাতদের জঙ্গলে অবস্থান করার কথা প্রচার করে। এরপর ঘটনাস্থলে জড়ো হয় জনতা। রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দেয়।
এদিকে গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে নিহত পুতুর ময়নাতদন্ত হয়েছে। এরপর মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ।
ওসি বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার মোস্তাক আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, হত্যা ও ডাকাতি প্রস্তুতির ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।