গণপিটুনিতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে আলামিন মোল্লা (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা তিনটার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর হাজি ভুমুরদি ব্যাপারীর ডাঙ্গি গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলার গুণবহা কামার গ্রামের আফসার মোল্লার ছেলে ওবায়দুর মোল্লা (২৫) ও ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকার হারুন মীরের ছেলে আমীর মীর (২৬)।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার চর ওমরাপুর গ্রামের মুকুল মণ্ডল দুপুরে তাঁর পালসার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে গ্রামের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি দেখেন, মোটরসাইকেলটি নেই। পরে তিনি মোটরসাইকেলের খোঁজে কয়েকজন সঙ্গী নিয়ে দুটি মোটরসাইকেলে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক দিয়ে ফরিদপুরের দিকে রওনা হন। গজারিয়া বাজার এলাকায় এলে তিনি দেখেন, তাঁর মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেলে তিনজন ফরিদপুরের দিকে যাচ্ছেন। এ সময় তাঁরা চিৎকার করলে গজারিয়া বাজারের করাতকলের শ্রমিকেরা পালিয়ে যাওয়া মোটরসাইকেল দুটি লক্ষ্য করে কাঠ ছুড়ে মারেন। এতে মোটরসাইকেলসহ ওই তিনজন রাস্তার ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন গিয়ে ওই তিন তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পিটুনিতে আহত ওই তিন তরুণকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে তিনটার দিকে আলামিনের মৃত্যু হয়। তাঁর মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

এসআই আরও বলেন, এ ঘটনায় মুকুল মণ্ডল মোটরসাইকেল চুরির দায়ে একটি ও পুলিশ বাদী হয়ে পিটুনিতে নিহত হওয়ায় দুটি মামলার প্রস্তুতি চলছে।