গণপিটুনিতে তিন 'ডাকাত' নিহত
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের চিরিঙ্গা বাজার এলাকায় আজ শনিবার ভোররাতে গণপিটুনিতে নিহত ‘ডাকাতে’র সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম আজাদ (৩৫)। অন্যদের নাম জানা যায়নি।
নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফের ভাষ্য, ডাকাতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। গণপিটুনিতে আরও পাঁচজন ডাকাত আহত হন। তাঁদের নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, পাঁচটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
ডাকাতদের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ হারুন ও মজিবুল হক নামের দুই গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। তাঁদের নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবুল হকের দেওয়া তথ্যমতে, গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১০-১২ জন ডাকাতের একটি দল উপজেলার ধানসিড়ি ইউনিয়নের নবগ্রামের একটি বাড়িতে হানা দেয়। সেখানে ডাকাতি শেষে ভোররাত তিনটার দিকে তারা পার্শ্ববর্তী চিরিঙ্গা বাজারে ডাকাতি করতে যায়। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বোর্ড অফিস এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে ঘিরে ফেলে। উত্তেজিত জনতা আট ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে আজাদ ও অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হন। পরে গণপিটুনিতে আহত ছয় ডাকাতকে পুলিশ আটক করে। তাঁদের হাসপাতালে নেওয়ার পরে আহত একজন মারা যান। তাঁর নাম জানা যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
গণপিটুনিতে দুই ডাকাত নিহত, গুলি