গণপিটুনিতে নিহত ১
পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিকনগরে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গরু চোর সন্দেহে এলাকাবাসী রোববার রাতে তাঁকে গণপিটুনি দেন।
নিহত ব্যক্তির নাম মজিবর (৩৫)। তিনি পাবনার সুজানগর উপজেলার রায়পুর খেপুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সদর উপজেলার হেমায়েতপুর নতুনপাড়ায় তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার রাতে দু-তিনজন মানিকনগর পশ্চিমপাড়ার একটি গোয়ালঘরে গরু চুরি করতে আসে। এ সময় বাড়ির মালিক মন্টু প্রামাণিক টের পেয়ে চিৎকার দিলে গ্রামবাসী ও পাহারাদার লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। তাঁরা বাড়িটি ঘেরাও করলে চোরেরাপালানোর চেষ্টা করে। একপর্যায়ে দৌড়ে পালানোর এলাকাবাসী মজিবরকে ধরে ফেলেন। উত্তেজিত জনতা এ সময় তাকে মারধর করে আহত করে। পুলিশ গতকাল ভোরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুরে সেখানে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তানজিলা মোস্তফা জানান, মজিবরের শরীরে আঘাতের চিহ্ন ছিল।