গণপিটুনিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। একই সময় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে আরেক যুবক আহত হন। গতকাল শুক্রবার তাঁর মৃত্যু হয়।
গাজীপুরে নিহত যুবকের নাম আবদুল মোতালেব (৩২)। তাঁর বাড়ি কাপাসিয়া উপজেলার পাতলা চামুর্কি এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে কাপাসিয়ার চামুর্কি এলাকার উত্তরের বরুন গ্রামের হাজি মালেকের বাড়িতে ছয়-সাতজন ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন জেগে গেলে তারা সেখান থেকে চলে যায়। পরে তারা স্থানীয় একটি চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় নিজের মাছের খামার পাহারায় নিয়োজিত স্থানীয় আনোয়ার হোসেন মুন্সী তাদের দেখে পরিচয় জানতে চান। একপর্যায়ে ডাকাতেরা তাঁকে ধাওয়া দেয়।
পরে আনোয়ার ‘ডাকাত ডাকাত’ চিৎকার দিলে গ্রামবাসী এসে তাদের পাল্টা ধাওয়া করে ডাকাত মোতালেবকে ধরে ফেলে। এরপর তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্যাহ বলেন, মোতালেবের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে গণপিটুনিতে নিহত যুবকের নাম আমিরুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি উপজেলার সারুটিয়া গ্রামে। গ্রামবাসী জানান, পার্শ্ববর্তী সারুটিয়ার আমিরুল ইসলাম বৃহস্পতিবার রাত তিনটার দিকে কুশনা গ্রামের বেনা বিশ্বাসের গোয়ালঘরের পাশে ঘোরাফেরা করছিলেন। এতে গ্রামবাসীর সন্দেহ হয়। তাঁকে ধরে গরুচোর সন্দেহে গণপিটুনি দেয় তারা। আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন আমিরুল। গতকাল সকাল ১০টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক আবু জাফর বলেন, আমিরুলের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল দুপুরে লাশ উদ্ধার করে।