গণপিটুনিতে নিহত ৩
মেহেরপুরের সদর উপজেলায় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এলাকাবাসীর ভাষ্য, নিহত ব্যক্তিরা ডাকাত।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে গণপিটুনির এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ফারুক হোসেন (৪১) ও রফিকুল ইসলাম (৩৯) এবং গাংনী উপজেলার শরিফুল ইসলাম (৪৫)।
পুলিশের দাবি, নিহত ব্যক্তিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গণপিটুনিতে ফারুক ঘটনাস্থলে নিহত হন। রফিকুল ও শরিফুলকে আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁরা মারা যান।
এলাকার লোকজনের ভাষ্যের বরাত দিয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, সন্দেহভাজন ১০-১২ জন ডাকাত দেখে গ্রামের এক পাহারাদার মসজিদের মাইকে তা প্রচার করেন। এ সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে গ্রামবাসী জেগে ওঠে। তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে। গ্রামবাসীর গণপিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি ও কয়েকটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে বিস্ফোরিত বোমার আলামত।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে লাশ দেওয়া হবে।