গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 


নিহত যুবকের নাম আবু রায়হান (২৮)। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রায়হান একই উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়ার আবু বাক্কারের ছেলে। আহত ব্যক্তির নাম মো. সাবদুল (২৩)। তিনি ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নয়রশিয়া গ্রামের কাছে নয়রশিয়া-বোয়ালিয়া সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার সবজি বিক্রেতা এবং মোটরসাইকেলের আরোহী এক দম্পতি ছিনতাইয়ের কবলে পড়েন। পরে ছিনতাইকারী সন্দেহে চার ব্যক্তিকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এ সময় দুজন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় আবু রায়হান ও মো. সাবদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু রায়হান। সাবদুল পুলিশ পাহারায় চিকিৎসাধীন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় ছিনতাই ও গণপিটুনিতে মৃত্যুর বিষয়ে পৃথক দুটি মামলা হয়েছে।