গণপিটুনিতে সন্দেহভাজন গরুচোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে সন্দেহভাজন এক গরু চোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম তসলিম উদ্দীন খাঁ (৩৫)। তিনি একই ইউনিয়নের খেজুরতলা গ্রামের তবির উদ্দীন খাঁর ছেলে।


গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর আলী প্রথম আলোকে বলেন, রাত দুইটার দিকে ফকিরাবাদ গ্রামে জনৈক মতিয়ার রহমানের বাড়িতে গরু চোর ঢোকে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে একজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে লাশটি তসলিম উদ্দীন খাঁর।

জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গণপিটুনিতে তসলিমের উদ্দীনের মৃত্যু হয়েছে। তাঁর বিরুদ্ধে ওই থানায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।