গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল সোমবার দিবাগত রাতে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। রাত তিনটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম নাজমুল (৫০)। বাবার নাম জহির উদ্দিন। বাড়ি দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার মালাগা গ্রামে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত নাজমুলের বিরুদ্ধে বোঁচাগঞ্জ থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল দিবাগত রাতে মৌপুকুর গ্রামের হাসান আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। প্রতিবেশীরা বিষয়টি জেনে এগিয়ে আসে। এ সময় ডাকাতদল ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। গ্রামের লোকজন তাদের ধাওয়া করে। একপর্যায়ে সন্দেহভাজন এক ডাকাত ধরা পড়ে। তাকে গ্রামবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রাম-পুলিশ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান। পরে পুলিশ এসে লাশটি শনাক্ত করে।
গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা করেছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। ডাকাতির অভিযোগেও একই থানায় একটি মামলা হয়েছে।