গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত সরদার নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ ওরফে মামুন (৪০)। তিনি কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত রেয়াছত আলীর ছেলে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ‘মামুন ডাকাত’ নামে পরিচিত। মামুন থানার তালিকাভুক্ত আন্তজেলা ডাকাত দলের সরদার ছিলেন। তিনি ২০০০ সালের ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি খুন ও ছয়টি ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন দীর্ঘদিন ধরে ডাকাতি করায় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। তিনি ভারতে আত্মগোপনে থাকতেন। বিভিন্ন সময়ে এলাকায় এসে ডাকাতি করতেন। গতকাল রাত আটটার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামে প্রাথমিক বিদ্যালয় এলাকায় তাঁকে স্থানীয় লোকজন দেখে ধাওয়া করে। মামুন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুকুরে গিয়ে ঝাঁপ দেন। মুহূর্তের মধ্যে এলাকার শত শত লোক সেখানে জমায়েত হয়। মামুনকে ধরতে উত্তেজিত জনতার কেউ কেউ পানিতে নামে, কেউ কেউ নৌকায় করে গিয়ে মামুনকে ধরে পিটুনি দিতে থাকে। একপর্যায়ে তাঁকে ডাঙায় তুলে এনে মারধর করা হয়। ওই সময় মামুন আহত অবস্থায় পানিতে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন। পরে পানিতেই তিনি মারা যান।
খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মামুনের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রাতেই কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, নিহত মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভূঁইয়া বলেন, মামুন দুর্ধর্ষ ডাকাত ছিলেন। মঈনপুর গ্রামের চান মিয়া হত্যা মামলার আসামি। তিনি এলাকায় থাকতেন না। মাঝেমধ্যে এলাকায় এসে চুরি-ডাকাতি করতেন। এখন জনতার গণপিটুনিতে মারা গেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মামুন থানার তালিকাভুক্ত আন্তজেলা ডাকাত দলের সরদার ছিলেন। তিনি ২০০০ সালের এক ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে একটি খুন ও ছয়টি ডাকাতি মামলা রয়েছে। মামুনের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছিল। স্থানীয় জনতার গণপিটুনিতে তিনি মারা গেছেন।
ওসি বলেন, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের কেউ থানায় আসেনি। পরিবারের কেউ না এলে লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামে পাঠিয়ে দেওয়া হবে।