গণবিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও প্রশাসনিক ভবনে তালা
ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অনুমোদনের দাবিতে ঢাকার সাভারে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। এর আগে মঙ্গলবার তাঁরা প্রশাসনিক ও পরীক্ষা নিয়ন্ত্রকের ভবনে তালা দেন।
গণবিশ্ববিদ্যালয় ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসার পর হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গণবিশ্ববিদ্যালয়ের বিবিএসহ সাতটি বিভাগের অনুমোদনের বিষয়টি অস্বীকার করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরই বিবিএ বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে চার শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান নেন। বেলা একটা পর্যন্ত তাঁরা ওই ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে গতকাল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এর আগে মঙ্গলবার তাঁরা ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলের আগে তাঁরা প্রশাসনিক ও পরীক্ষা নিয়ন্ত্রকের ভবনে তালা ঝুলিয়ে দেন।
বিবিএ বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন খান বলেন, ‘আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে সন্ত্রস্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ২০১১ সাল থেকে বিবিএ বিভাগের কার্যক্রম চলছে। নিয়ম মেনেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ইউজিসি বিবিএসহ এসব কোর্স-কারিকুলাম অনুমোদন করেছে। এরপরও অনুমতি নেই ইউজিসির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আদালতের শরণাপন্ন হতে হয়েছে। সব ধরনের প্রমাণাদি আদালতে উপস্থাপন করা হয়েছে।