গণমাধ্যমকর্মীকে নির্যাতনের অভিযোগ, হবিগঞ্জ থানার ২ এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে গণমাধ্যমকর্মীকে থানার ভেতরে নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে হবিগঞ্জ সদর মডেল থানার দুই পুলিশ উপপরিদর্শককে (এসআই) আজ বুধবার প্রত্যাহার করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা তাঁদের প্রত্যাহারের নির্দেশ দেন।

প্রত্যাহার হওয়া এ দুই পুলিশ কর্মকর্তা হলেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রকিবুল হাসান ও আবদুল মুকিত চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে শহরের বগলাবাজার এলাকা থেকে আজিজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে মাদক ব্যবসার অভিযোগে। আটক ব্যক্তির বড় ভাই চ্যানেল এসের ক্যামেরা সহকারী সিরাজুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাঁর ভাইকে কেন আটক করা হয়েছে তা জানতে চাইলে পুলিশের সঙ্গে সিরাজুলের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ এ দুই সহোদরকে পুলিশের ওপর হামলা ও মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এ নিয়ে হবিগঞ্জের গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ ও নানা কর্মসূচি পালন করেন।

গণমাধ্যমকর্মী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে ও তাঁর ভাইকে আটক করে থানার ভেতরে নির্যাতন চালিয়েছে। গত রোববার তিনি জামিন পান। বর্তমানে তিনি হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমকর্মীর ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ ওঠায় হবিগঞ্জের পুলিশ সুপার গত রোববার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি আজ বুধবার প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিটি বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিবেদন দেয়নি।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আ স ম সামছুর রহমান ভূঞা প্রথম আলোকে বলেন, দুই এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বুধবার তাঁদের প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন এখনো তাঁরা পাননি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।