গত বছরও আলাউদ্দীন টাওয়ারে লিফটের তার ছিঁড়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মাহমুদুল হাসানের স্বজনেরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মাহমুদুল হাসানের স্বজনেরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরায় আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সে ছিঁড়ে পড়া লিফটির তার গত বছর একই সময় একবার ছিঁড়েছিল। ওই মার্কেটে অনেক দিন ধরে কাজ করেন—এমন কর্মচারী ও ব্যবসায়ীরা এ কথা বলছেন।
আজ শনিবার ওই মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী বলেন, গত বছরের রোজার লিফট ছিঁড়লেও মার্কেট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছিল, তা অজানা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনেই আলাউদ্দীন টাওয়ার শপিং কমপ্লেক্সের অবস্থান। ১৪ তলা ভবনটির ছয়তলা পর্যন্ত পোশাক, অলংকার, ইলেকট্রনিকস, প্রসাধনীর দোকানপাট। ওপরের তলাগুলোতে বিভিন্ন অফিস। শপিং কমপ্লেক্সে প্রবেশমুখের দুই পাশে দুটো লিফট। এর মধ্যে বাঁ পাশের লিফটটি ছিঁড়ে নিচে পড়ে গেছে। ভবনের সামনের রাস্তাজুড়ে প্রচুর কাচের গুঁড়া এবং কিছু মানুষের জুতা-স্যান্ডেল, ভবনের ভেতরের দোকান থেকে ছিটকে আসা বিভিন্ন টুকরো জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ভবনের ভেতরে পুলিশ কাউকে প্রবেশ করতে দেয়নি। বাইরে থেকে দেখা যায়, দোতলা ও তিনতলার এসির বাতাস ঢোকা ও বের হওয়ার পথ বিস্ফোরিত হয়ে ‘ফলস সিলিং’-এর বিভিন্ন অংশ ঝুলে রয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজমেন্ট এলাকা।
ঘটনা সম্পর্কে ওই মার্কেটের দোকান ব্যবসায়ী কাব্য লেডিস টেইলার্সের মালিক মো. সুমন জানান, গতকাল শুক্রবার ইফতারের আধা ঘণ্টা আগে তাঁরা জোরে বিস্ফোরণের শব্দ শোনেন। মার্কেটের প্রবেশপথে হাতের বাঁ পাশে ওই ঘটনা ঘটে। এর পরপরই তাঁরা বেরিয়ে এসে দেখেন সেখানে আগুন ধরে গেছে। এটি ট্রান্সফরমার, নাকি বিদ্যুতের লাইন থেকে হয়েছে, তা বুঝতে পারেননি। তবে লিফটের ওখানেই বিস্ফোরণটি ঘটেছে। 

কেন এই দুর্ঘটনা ঘটল? দুর্ঘটনার কারণ এখনো অজানা। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ। তিনি ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ করে বেরিয়ে যাওয়ার সময় প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। ভবন বিশেষজ্ঞ, বিদ্যুৎ কর্তৃপক্ষের মতামত, গ্যাসের লাইনের মতামত ও রাজউকের মতামত নিয়ে তবে প্রকৃত ঘটনা জানা যাবে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তবে উদ্ধার অভিযান শেষ হয়েছে।
গতকাল রাতে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, লিফট ছিঁড়ে ও আগুনে ছয়জনের মৃত্যুর খবর তারা পেয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এর মধ্যে বার্ন ইউনিটে চিকিৎসাধীন চারজনের মধ্যে মাহমুদুল আজ শনিবার ভোরে মারা গেছেন। এখন সেখানে চিকিৎসাধীন আছেন মাহমুদুলের দুই সন্তান এবং মামুন নামের একজন।
আজ সরেজমিনে দেখা গেছে, সাধারণ মানুষকে মার্কেটের ভেতর যেতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীদের তালিকা করে তাঁদের দোকানের ক্রমানুসারে দোকান বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।
ওই মার্কেটের নিচতলায় টয় অ্যান্ড গিফট কর্নার নামের দোকানের মালিক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সকাল ১০টায় দোকান বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়। আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে আছি। পুলিশ মাইকিং করে ভেতরে দোকান মালিকদের ডেকে ঢোকাচ্ছে।’
তবে বিষয়টি ঝুঁকিপূর্ণ কি না, সে বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ কোনো মন্তব্য করতে রাজি হননি।
মার্কেটের সামনে থেকে দেখা যায়, মার্কেটে চলাচলের জন্য দুটি লিফট ও দুটি চলন্ত সিঁড়ি রয়েছে। এর মধ্যে একটি লিফটে দুর্ঘটনা ঘটে। অন্যদিকে আবাসিক ভবনে যাতায়াতের জন্য আলাদা চারটি লিফট আছে। সেগুলোতে কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের ফলে মার্কেটের একটি লিফটের পাশাপাশি চলন্ত সিঁড়িটির বেশি ক্ষতি হয়েছে। মার্কেটের সামনে থেকে দেখা যায়, ক্ষতিগ্রস্ত লিফটির কাচ ভেঙে গেছে। বিস্ফোরণের শব্দে ভবনের আরেক অংশের কাচের গ্লাস ফেটে রাস্তার ওপর ভেঙে পড়েছে।
আরও পড়ুন...
উত্তরায় লিফট ছিঁড়ে আগুনের ঘটনায় আরেকজনের মৃত্যু
উত্তরায় লিফট ছিঁড়ে আগুন, নিহত ৫