গত ১২ দিনে ধর্ষণের পর খুন ছয়জন
এ বছর ধর্ষণের পর কমপক্ষে ৪৪ জনকে হত্যা করা হয়েছে। আর চলতি মাসের প্রথম ১২ দিনে (গতকাল পর্যন্ত) ধর্ষণের পর খুন হয় কমপক্ষে ছয়জন। এদের চারজনই স্কুলপড়ুয়া শিশু। পাঁচটি দৈনিক পত্রিকা এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) থেকে এ তথ্য পাওয়া গেছে।
আসকের তথ্য বলছে, এ বছরের প্রথম ছয় মাসে ৩৭৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়, এদের ১১১ জন গণধর্ষণের শিকার। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৯ জনকে। গত মাসে হত্যা করা হয় নয়জনকে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নারীরা নিজের বাড়িতে, কর্মস্থলে যাওয়ার পথে, শিশুরা স্কুলে বা শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার পথে, খেলতে গিয়ে বা আত্মীয়ের বাসায় যাওয়া-আসার পথে ধর্ষণের শিকার হয়। বীভৎস কায়দায় পড়ে অনেককেই হত্যা করা হয়। অনেকে নিখোঁজ ছিলেন, পরে লাশ মিলেছে গ্রামের পরিত্যক্ত কোনো ভিটায়, খেতে, নদীর ধারে, জঙ্গলের ভেতর বা নালায়। ধর্ষণের পর নারী ও শিশুর শ্বাস রোধ করে, গলা কেটে, মুখে বিষ দিয়ে মেরে ফেলা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম প্রথম আলোকে বলেছেন, ‘গড়ে প্রতিদিন দুজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। আমি বলছি যেসব ঘটনা রেকর্ড হচ্ছে তার ভিত্তিতে। অনেক খবরই রেকর্ড হয় না। যারা ধর্ষণ করছে তারা জানে টাকাপয়সা খরচ করলে এবং রাজনৈতিক প্রভাব খাটালেই পার পাওয়া যায়। কিছু লোক আছে যারা সব সময় সরকারি দলের সমর্থক। তারাই ঘটাচ্ছে এসব।’