ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা অধস্তন এক নারী কর্মচারীর ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি ওই নারী কর্মচারীকে মারধর করতে উদ্যত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
নারী কর্মচারীর ওপর শিক্ষা কর্মকর্তার চড়াও হওয়ার খবর পেয়ে উপজেলার কয়েকটি সরকারি কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন।
ওই নারী কর্মচারী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ওই কার্যালয়ের এক নারী কর্মচারীকে তাঁর কক্ষে ডেকে নিয়ে একটি বিদ্যালয়-সম্পর্কিত কিছু তথ্য চান। নারী কর্মচারী তাৎক্ষণিকভাবে তথ্য দিতে না পারায় আনোয়ারুল ইসলাম তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে আনোয়ারুল ইসলাম ওই নারীকে থাপড় ও লাথি মারতে উদ্যত হন। এ সময় শিক্ষা কর্মকর্তার গালাগাল শুনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে থাকা বিভিন্ন কার্যালয়ের কয়েকজন কর্মচারী ছুটে আসেন। এতে ওই নারী রক্ষা পান।
এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন। পরে ইউএনও সিদ্ধার্থ কুমার কুণ্ডু এসে আনোয়ারুল ইসলাম এবং ওই নারী কর্মচারীর সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করেন।
রোষের শিকার ওই নারী বলেন, ‘কাজে ভুল হয়ে থাকলে তিনি আমাকে অফিশিয়ালি শাস্তি দেবেন। কিন্তু তিনি আমাকে চর ও লাথি মারতে উদ্যত হন। পরে অনেকেই এসে পড়ায় আমি রক্ষা পাই।’
আনোয়ারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করে সংযোগ কেটে দেন।
ইউএনও সিদ্ধার্থ শংকর কুণ্ডু বলেন, ‘বিষয়টা অতিরঞ্জিত করে বাইরে জানানো হয়েছে। আসলে সামান্য বিষয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। এটা আমি দুজনের সঙ্গে কথা বলে মিটিয়ে ফেলেছি।’