গফরগাঁওয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টাকা চেয়ে না পেয়ে মোফাজ্জল হোসেন নামের এক যুবক তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত মায়ের নাম জোছনা খাতুন (৫০)। তিনি গফরগাঁও উপজেলার বাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোছনা খাতুন বারবাড়িয়া কমিউনিটি ক্লিনিকে আয়া হিসেবে কাজ করতেন। গতকাল বেলা তিনটার দিকে সেখান থেকে কাজ শেষ করে বাড়ি ফেরেন। এ সময় ছেলে মোফাজ্জল (২৭) তাঁর কাছে বেশ কিছু টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে রাজি না হওয়ায় মোফাজ্জল উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে মোফাজ্জল ঘরে থাকা দা দিয়ে তাঁর মাকে এলোপাতাড়ি কোপান। কিছুক্ষণ পর জোছনা খাতুন সেখানেই মারা যান। মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মোফাজ্জলকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।