গফরগাঁওয়ে সংঘর্ষে আহত ১০
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের ছাপিলা গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, ছাপিলা গ্রামের শাহাব উদ্দিনের সঙ্গে একই গ্রামের মতিন ও পার্শ্ববর্তী পাঁচাহার গ্রামের রফিকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকাল নয়টার দিকে পুলেরঘাট বাজারে শাহাব উদ্দিনের সঙ্গে রফিক ও মতিনের কথা-কাটাকাটি হয়। পরে সকাল ১০টার দিকে রফিক ও মতিনের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে শাহাব উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে ভাঙচুর করেন। ভাঙচুরের সময় উভয় পক্ষ সংঘর্ঘে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে শাহাব উদ্দিন (৪৭), তাঁর স্ত্রী মুর্শিদা খানম (৩৮), মেয়ে কুলসুম খানম (১৬), মতিনসহ (৪০) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। মুর্শিদা ও কুলসুমকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাহাব উদ্দিন বলেন, ‘প্রতিপক্ষ আমার বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে বসতঘরের বেড়া ও চালা ভাঙচুর করেছে। বাধা দেওয়ায় আমাদের আহত করে।’
মতিন ও রফিক সংঘর্ষের কথা স্বীকার করলেও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন।