গফরগাঁওয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগের নেতা আজিজুল হককে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে গফরগাঁও পৌরসভার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজিজুল হক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি ওই ওয়ার্ডের জন্মেরজয় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পৌরসভার নতুন বাজার এলাকায় আজিজুল হককে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজিজুল হকের পরিবারের সদস্যরা জানান, ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আজিজুল হক ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আনিছুর বিজয়ী হন। নির্বাচনী সহিংসতার জের ধরে আনিছুর ও তাঁর সমর্থকেরা আজিজুলের বাড়িতে হামলা করেন। এতে আজিজুলের মা রাবেয়া খাতুন (৭০) নিহত হন। এ ঘটনায় আজিজুল বাদী হয়ে আনিছুরসহ ১৯ জনের নামে গফরগাঁও থানায় হত্যা মামলা করেন। গত জুলাই মাসে পুলিশ মামলার অভিযোগপত্র দেয় আদালতে। অভিযোগপত্রে আনিছুরসহ ১০ জনের নাম আছে। এরপর থেকেই পলাতক আনিছুর ও তাঁর সমর্থকেরা মামলাটি তুলে নেওয়ার জন্য আজিজুলকে হুমকি দিয়ে আসছিলেন। ২৯ ডিসেম্বর আজিজুল এই হুমকির বিষয়ে গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মামলা তুলে না নেওয়ায় তাঁর ওপর হামলা হয়েছে।