গফরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের শেউলি গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন কালাম খান ওরফে কালু খান (৫৫) ও সামাদ খান (৫০)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেউলি গ্রামের ওই এলাকার মসজিদে যাওয়ার সড়কটি সরু থাকায় গ্রামের খান পরিবারের পক্ষ থেকে সড়কটি প্রশস্ত করার জন্য বেশ কিছুদিন ধরে দাবি করা হচ্ছিল। পার্শ্ববর্তী মীর পরিবারের লোকেরা সড়কের পাশের জমির মালিকানা দাবি করে নিজেদের জমি সড়কের জন্য দিতে রাজি না হওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ ছাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও বেশ কিছুদিন ধরে প্রভাবশালী ওই দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে।
সড়ক প্রশস্ত করা নিয়ে গতকাল সকাল আটটার দিকে দুই পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা রামদা, বল্লমসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বল্লমের আঘাতে খান পরিবারের সামাদ খান ঘটনাস্থলেই নিহত হন। বল্লমের আঘাতে আহত একই পরিবারের কালু খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লিয়াকত মীর ও সজল মীর নামের মীর বংশের দুই ব্যক্তিকে আটক করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।