গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে আ.লীগ নেতা নিহত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল শনিবার জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইলিম উদ্দিন (৬৫)। তিনি উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে ইলিম উদ্দিনের সঙ্গে কয়েকজন প্রতিবেশীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে প্রতিপক্ষের লোকজন ওই বিরোধপূর্ণ জমি দখল নিতে গেলে ইলিম উদ্দিন বাধা দেন। এ সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইলিম উদ্দিন, কলিম উদ্দিন, শামছুদ্দিন ও হাফিজ উদ্দিন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইলিম উদ্দিনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।