গফরগাঁওয়ে পুলিশ পরিচয়ে চার বাড়িতে ডাকাতি, আহত ২
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত মঙ্গলবার রাতে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতেরা চারটি বাড়িতে ডাকাতি করেছে। এ সময় ডাকাতেরা জায়েদা ও আনোয়ারা খাতুন নামের দুই গৃহবধূকে কুপিয়ে আহত করে।
ডাকাতির শিকার হওয়া পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন জানান, ওই দিন গভীর রাতে ১০-১৫ জনের একদল ডাকাত উপজেলার টাংগাব ইউনিয়নের পাচাহার গ্রামের মুর্শিদ উদ্দিনের বাড়িতে ঢুকে পুলিশ পরিচয় দেয় এবং আসামি ধরার জন্য তারা এসেছে বলে জানায়। এরপর ওই বাড়ির লোকজন দরজা খুলে দেন। এরপর তারা বাড়ির সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল লুট করার সময় গৃহবধূ জায়েদা খাতুন (৪৫) বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
এরপর ডাকাতেরা একই গ্রামের আসাদ মিয়া, পাশের দত্তেবাজার ইউনিয়নের কন্যামণ্ডল গ্রামের ফয়েজউদ্দিন এবং পাঁচুলি গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়ে টাকা, স্বর্ণালংকার এবং গৃহস্থালির জিনিসপত্র লুট করে। রফিকুলের বাড়িতে মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় ডাকাতেরা গৃহবধূ আনোয়ারা খাতুনকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে।
গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাদের ডাকাত বলে সন্দেহ করা হচ্ছে, তারা আসলে একটি মেয়েকে অপহরণ করার উদ্দেশ্যে গিয়েছিল। মেয়েটিকে কোথাও না পেয়ে কিছু লুটপাটের ঘটনা ঘটিয়েছে।’