গফরগাঁওয়ে যুবলীগ কর্মীকে হত্যা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাপ্পু মিয়া (২৫) নামের যুবলীগের এক কর্মীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পাপ্পু মিয়া গফরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। তিনি পৌর শহরের রাঘাইচটি এলাকার আবদুল খালেকের ছেলে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের একজন ব্যবসায়ী জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ১০০ গজ দূরে অজ্ঞাত দুর্বৃত্তরা পাপ্পুকে ধরে নিয়ে যায়। সেখান থেকে ধস্তাধস্তির আওয়াজ পায় স্থানীয় লোকজন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পুলিশ ওই এলাকা থেকে পাপ্পুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ব্যবসা বা অন্য কোনো বিরোধের জের ধরে প্রতিপক্ষ পাপ্পুকে হত্যা করতে পারে। পাপ্পু মিয়া ইয়াবা বড়ি সেবন ও ব্যবসা করতেন। গফরগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগে একটি মামলা রয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পাপ্পুর পেট ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।