গবাদিপশু বিক্রি বন্ধে ডিসির নির্দেশ কার্যকর হচ্ছে না
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের অফিসের হাটে গবাদিপশু বিক্রি বন্ধে জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশ ১৪ দিনেও কার্যকর হয়নি। গত শনিবারও অফিসের হাটে গবাদিপশু বসিয়ে সেখানে কালিবাড়ী হাটে আসা বিক্রেতাদের যেতে বাধ্য করা হয়।
হাট নিয়ে জটিলতা নিরসনে কালিবাড়ী হাটের ব্যবসায়ীরা গত ২০ এপ্রিল জেলা প্রশাসক এবং পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আবেদন করেন। ইউএনও এ বিষয়ে নির্দেশনা চেয়ে ৪ মে জেলা প্রশাসককে চিঠি দেন। তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে গাইবান্ধার জেলা প্রশাসক মো. এহছানে এলাহী ১১ মে অফিসের হাটে শুধু কলা এবং কালিবাড়ী হাটে গবাদিপশুসহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পলাশবাড়ীর ইউএনওকে চিঠি দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, কালিবাড়ী হাটে দীর্ঘদিন ধরে গবাদিপশু ও অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রি হয়ে আসছে। অন্যদিকে কয়েক বছর ধরে অফিসের হাটে শুধু কলা বিক্রি হয়ে আসছে। কলা বিক্রির জন্য হাট ইজারা নিয়ে কলা বিক্রির পাশাপাশি অনুমতি না নিয়ে গবাদিপশুর হাট বসানো যুক্তিযুক্ত নয়। তাই কালিবাড়ী হাটের ইজারাদার গবাদিপশুসহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রির খাজনা আদায় করবেন। অফিসের হাটের ইজারাদার শুধু কলা বিক্রির খাজনা আদায় করবেন এবং কোনো অবস্থাতেই অফিসের হাটে গবাদিপশুর হাট বসাতে পারবেন না।
পলাশবাড়ীর ইউএনও এস এম মাজহারুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর পলাশবাড়ী সদর ইউনিয়নের তহশিলদার মোস্তাফিজুর রহমানকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পরও গবাদিপশুর হাট বসাচ্ছেন কেন—জানতে চাইলে অফিসের হাটের ইজারাদার যুবলীগ নেতা গোলাম সারোয়ার বলেন, হাট ইজারা প্রদানের সময় কী কী বিক্রি করা যাবে, তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। হাট বলতে সব ধরনের দ্রব্যসামগ্রী বেচাকেনা হবে। তাই অফিসের হাটে কলা, গবাদিপশুসহ সব জিনিসপত্র বিক্রি চলছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কালিবাড়ী হাট প্রতি শনি ও বুধবার বসছে। গত মার্চ মাসে হাটটি আবদুল হালিম ইজারা নেন। এই হাটের আধা কিলোমিটার দূরে অবস্থিত অফিসের হাট। অফিসের হাটে প্রতি সোম ও বৃহস্পতিবার শুধু কলা বেচাকেনা হতো। কিন্তু উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন অফিসের হাট ইজারা নিয়ে হাটের তারিখ পরিবর্তন করে কালিবাড়ী হাটের দিন অর্থাৎ শনি ও বুধবার গবাদিপশু ও বিভিন্ন দ্রব্যসামগ্রীর হাট বসিয়েছেন। এ নিয়ে ১৫ মে প্রথম আলোতে‘ইজারায় অনিয়ম বিপাকে ব্যবসায়ীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।