গবাদিপশুর কী অপরাধ?
দরিদ্র গৃহবধূ শাহিনুর বেগম বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে এবং এর-ওর বাড়িতে কাজ করে টাকা জমিয়ে দুটি গাভিসহ ছয়টি গরু ও দুটি ছাগল কেনেন। জীবনের পুঁজি বলতে এটুকুই তাঁর। পাঁচ শতক বসতভিটা ছাড়া আবাদি কোনো জমি নেই।
শাহিনুরের স্বামী তাজিরুল ইসলাম দিনমজুর। তাঁদের তিন শিশুছেলে। দিনে তাজিরুল দিনমজুরির কাজে যান আর দিনভর গরু-ছাগল নিয়ে ব্যস্ত থাকেন শাহিনুর। পরম মমতায় সন্তানের মতোই দেখভাল করেন গরু-ছাগলগুলোকে। গবাদিপশুর সঙ্গে শাহিনুরের কত নিবিড় সম্পর্ক, তা প্রতিবেশীরা ভালো করেই জানেন।
এর মধ্যে গত সোমবার বিকেল থেকে বিদেশি জাতের একটি গাভির বাছুর হবে হবে অবস্থা। শাহিনুরের চোখেমুখে তখন খুশির ঝিলিক। মধ্যরাত পর্যন্ত জেগে ছিলেন, কিন্তু বাছুর হয়নি। ভোররাতে প্রতিবেশীদের চিৎকারে ঘর থেকে বেরিয়ে হতভম্ব শাহিনুর ও তাজিরুল। গোয়ালঘর আগুনে দাউদাউ করে জ্বলছে। বিপদমুক্ত হতে গরু-ছাগলগুলোও ডাকছে, কিন্তু আগুনের তেজে কারও কিছু করার ছিল না। মুহূর্তেই পেটে বাছুর থাকা ওই গাভিসহ তিনটি গরু, একটি বাছুর ও একটি ছাগল পুড়ে মারা যায়। এরপর শাহিনুরের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। অর্ধপোড়া অন্য দুটি গরু ও একটি ছাগলেরও এখন মরণাপন্ন অবস্থা।
হতভাগ্য এই শাহিনুরের বাড়ি রংপুরের বদরগঞ্জ পৌরসভার ফেসকিপাড়া গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাড়ির উঠানে শুয়ে মাটিতে মাথা আছড়াতে আছড়াতে শাহিনুর আহাজারি করছেন, ‘ও আল্লাহ, মুই যদি কারও দোষ করি থাকো, মোক পুড়ি মারি ফেলাইল না ক্যান? মোর সোনাগুলার (গরু-ছাগলের) কী দোষ ছিল? মুই এখন কী করিম, কীভাবে ব্যাংকের কিস্তি পরিশোধ করিম। আল্লাহ, দুনিয়া থাকি মোকও তুলে নে।’
শাহিনুর ও তাঁর প্রতিবেশীদের অভিযোগ, গত সোমবার ভোররাতে কে বা কারা টাটিবেড়া দিয়ে ঘেরা ওই গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। সরেজমিনে দেখা যায়, গোয়ালঘরের আশপাশে রান্নাঘরের চুলা নেই। এ ছাড়া গোয়ালঘর থেকে বাড়ির ভেতরে ৩০ গজ দূরত্বে থাকা চুলায় কোনো আগুন ছিল না।
প্রতিবেশী ফারজিনা বেগম বলেন, ‘শাহিনুর সন্তানদের চেয়েও গরু-ছাগলকে বেশি ভালোবাসতেন। নিজে না খেয়েও পশুকে খাওয়াতেন। ওই গরুগুলোই ছিল তাঁর শেষ সম্বল। জানি না গরুগুলোর কী অপরাধ ছিল। কেন তা পুড়িয়ে মারা হলো।’
তাজিরুল বলেন, ‘গরুর বাছুর হবে এই আশায় সোমাবার রাত একটা পর্যন্ত জেগে ছিলাম। শত্রুতা করে কেউ গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়েছে।’ তবে কে বা কারা এমন সর্বনাশ করল, তা তিনি বলতে পারছেন না।
তাজিরুল বলেন, ওই গরু ও ছাগলগুলো এনজিও থেকে ঋণ তুলে ক্রমান্বয়ে তাঁর স্ত্রী কিনেছিলেন। সর্বশেষ পাঁচ মাস আগেও বেসরকারি সংস্থা গ্রামবিকাশ থেকে ১৪ হাজার টাকা ঋণ তুলে এবং প্রতিবেশী একজনের কাছ থেকে সুদের ওপর ৫ হাজার টাকা নিয়ে ১৯ হাজার টাকায় একটি গরু কেনেন। আশা করেছিলেন, গাভির বাছুর হলে দুধ বিক্রি করে ঋণের কিস্তি ও সুদের ওপর নেওয়া টাকা পরিশোধ করবেন। কিন্তু সব আশায় এখন গুড়েবালি।
যোগাযোগ করা হলে বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। কারা গোয়ালঘরে আগুন দিয়ে গবাদিপশুগুলো মেরেছে, তা কেউ বলতে পারছে না। তবে আমার লোক তদন্ত করতে সেখানে এখনই যাবে।’