গবেষণাকর্ম জালিয়াতি করে অধ্যাপক পদে পদোন্নতির আবেদন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এক সহযোগী অধ্যাপককে ১০ বছরের শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অভিযোগে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার ও আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ৪৫৬তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শাস্তি অনুযায়ী সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডল পরীক্ষা-সংক্রান্ত কোনো প্রক্রিয়ায় ও প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এ ছাড়া এ সময়ের মধ্যে তাঁর সব ধরনের পদোন্নতিও স্থগিত করা হয়েছে। তবে নিয়মিত ক্লাস নিতে পারবেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. উজ্জ্বল হোসেন জানান, কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে একই বিভাগের শিক্ষক অসিত রায়ের একটি গবেষণাকর্ম জালিয়াতির লিখিত অভিযোগ ওঠে। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় কৃষ্ণপদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে তদন্ত কমিটি। ওই সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাঁর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক অসিত রায় বলেন, ‘সম্প্রতি কৃষ্ণপদ মণ্ডল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বাংলার রাগ সংগীত—দ্বিতীয় খণ্ড নামে একটি বই বের করেছেন। এতে বেশ কিছু জায়গায় আমার পিএইচডি গবেষণাপত্র থেকে অনুমতি বা রেফারেন্স ছাড়াই লেখা হুবহু তুলে দিয়েছেন তিনি।’ বিভাগ সূত্রে জানা যায়, কৃষ্ণপদ মণ্ডল তাঁর ওই বইটিসহ অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করার অভিযোগে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মামুন হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করে দিয়েছে সিন্ডিকেট। এই কমিটি তদন্ত করে তাঁর বিরুদ্ধে শাস্তির চূড়ান্ত সুপারিশ করবে।
আর চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে একই বিভাগের অধ্যাপক মু. আবদুল মাজেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তে একটি কমিটিও গঠন করা হয় সিন্ডিকেটে।