গবেষণা জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে তাঁদের পিএইচডি গবেষণা জালিয়াতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহানের সভাপতিত্বে ৪৭২তম সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। তবে অভিযুক্ত দুই শিক্ষকই তাঁদের গবেষণাপত্রে কোনো জালিয়াতি নেই বলে চ্যালেঞ্জ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য বলেন, রোববার বিকেলে সিন্ডিকেট সভা শুরু হয়। এতে আইন বিভাগের অধ্যাপক এম আনিসুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের পিএইচডি গবেষণায় জালিয়াতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল লতিফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন সিন্ডিকেট সদস্য রুস্তম উদ্দিন আহমেদ এবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল।

তবে দুই শিক্ষকই পিএইচডি গবেষণা জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। আইন বিভাগের অধ্যাপক আনিসুর রহমান বলেন, ‘আমাকে ২০০৭ সালের জানুয়ারি মাসে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। গবেষণার বিষয় ছিল “বাংলাদেশের নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা”। একই সময়ে অন্য একটি এমফিল গবেষণা প্রকাশিত হয়। তবে আমার গবেষণার বিষয়ে আমি বিন্দুমাত্র সন্দিহান নই। কোনো ধরনের জালিয়াতি আমি নিজেও করি না, করা পছন্দও করি না। যিনি অভিযোগ দিয়েছেন, তাঁর আর আমার গবেষণার মধ্যে বিস্তর ফারাক। তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তদন্ত করলে এর প্রমাণও পাবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘যখন অভিযোগের কথা শুনি, আমিই উপাচার্য স্যারকে অনুরোধ করেছিলাম, একটি তদন্ত কমিটি গঠনের জন্য। তাহলেই প্রমাণ হয়ে যাবে। আমার পিএইচডি গবেষণা নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো ধরনের জালিয়াতির প্রশ্নই আসে না। তদন্ত কমিটি বিষয়টি যথাযথভাবে সবকিছু আমলে নিলে এ অভিযোগের যে কোনো ভিত্তি নেই, সেটি প্রমাণ হয়ে যাবে। মূলত আমাকে হেয় করার জন্য এ ধরনের অভিযোগ দেওয়া হয়েছে।’

এদিকে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৪ দশমিক ৫০ এবং স্নাতক ও ¯স্নাতকোত্তরে ন্যূনতম ৩ দশমিক ৫০ ফলাফলের নিয়ম রাখা না রাখার বিষয়েও সিন্ডিকেট সভায় দীর্ঘক্ষণ আলোচনা হয়।