গবেষণাপত্রে জালিয়াতি, শিক্ষকের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণাকর্মে জালিয়াতি করে অধ্যাপক পদে পদোন্নতির আবেদন করায় সংগীত বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে ১০ বছরের জন্য প্রদোন্নতি স্থগিতসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া আলাদা অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার ও আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ৪৫৬তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
শাস্তি অনুযায়ী সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডল পরীক্ষা-সংক্রান্ত কোনো প্রক্রিয়া বা প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এ ছাড়া এ সময়ের মধ্যে তাঁর সব ধরনের পদোন্নতিও স্থগিত করা হয়েছে। তবে তিনি নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. উজ্জ্বল হোসেন জানান, সংগীত বিভাগের শিক্ষক অসিত রায় লিখিত অভিযোগ করেছিলেন, তাঁর একটি গবেষণাকর্ম থেকে জালিয়াতি করেছেন কৃষ্ণপদ মণ্ডল। এর ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে ওই কমিটি। এ সুপারিশের ভিত্তিতে গতকাল রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগকারী সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক অসিত রায় বলেন, ‘সম্প্রতি কৃষ্ণপদ মণ্ডল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বাংলার রাগ সংগীত-দ্বিতীয় খণ্ড নামে একটি বই বের করেছেন। যেখানে বেশ কিছু জায়গায় আমার পিএইচডি গবেষণাপত্র থেকে অনুমতি বা রেফারেন্স ছাড়াই লেখা হুবহু তুলে দিয়েছেন। তাই আমি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অভিযোগ করেছিলাম।’

বিভাগ সূত্রে জানা যায়, কৃষ্ণপদ মণ্ডল তাঁর বইটিসহ অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মামুন হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরীক্ষার খাতা হারানোর অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে সিন্ডিকেট।

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের প্রভাষক মামুন হোসেন বিভাগের একটি শিক্ষাবর্ষের পরীক্ষক ছিলেন। প্রায় ছয় মাস আগে তিনি ওই শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর খাতা নিয়ে ঢাকায় যান। এরপর সেখানে তিনি খাতাগুলো হারিয়ে ফেলেন।

বিভাগের সভাপতি এম হুমায়ুন কবীর জানান, মামুন হোসেন ঢাকায় থাকেন। তিনি খাতাগুলো ঢাকায় নিয়ে গিয়ে নম্বরও প্রদান করেন। কিন্তু ফেরার পথে ঢাকার এয়ারপোর্ট রোডে তাঁর কাছ থেকে খাতাগুলো ছিনতাই হয়ে যায়। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বিভাগকে অবহিত করেন।

এ ছাড়া চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে একই বিভাগের অধ্যাপক মো. আব্দুল মাজেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তে একটি কমিটিও গঠন করেছে সিন্ডিকেট।