গবেষণায় চুরির দায়ে শিক্ষকের পদাবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদাবনতি হয়েছে। এ ছাড়া ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় চাকরিচ্যুত করা হয়েছে দুই শিক্ষককে।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু সায়েমের পদাবনতি ঘটিয়ে তাঁকে সহকারী অধ্যাপক করা হয়েছে। এ ছাড়া চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম আজম এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রভাষক হীরা লাল পাল।
সিন্ডিকেট সদস্যরা বলেন, আগামী দু বছর আবু সায়েমকে পদোন্নতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ করেন ফারসি বিভাগের সহযোগী অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ। অভিযোগে বলা হয়, আবু সায়েম তাঁর গবেষণায় আরিফ বিল্লাহর একটি প্রবন্ধের কিছু অংশ কোনো সূত্র উল্লেখ ছাড়াই নিজের বলে চালিয়ে দিয়েছেন। পরে এটি নিয়ে একটি তদন্ত কমিটি হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে আবু সায়েমের পদাবনতির সিদ্ধান্ত নেওয়া হয়।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম আজম বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করছেন। এ ছাড়া হীরা লাল পাল শিক্ষা ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর আর ফেরেননি। তাঁকে আগে একটি সিন্ডিকেট সভা থেকে নোটিশ পাঠানো হয়। কিন্তু সেই নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি।