গভীর নলকূপের মিটার চুরি করে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ একটি চক্র। চাঁদা আদায়ের পর সেই মিটার আবার নলকূপ মালিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। চুরি করা মিটার ফেরত দিতে পাঁচ থেকে সাত হাজার টাকা করে আদায় করছে চক্রটি।
ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ চৌধুরীপাড়া গ্রামের সুমন চৌধুরী বলেন, গত ২২ এপ্রিল এলাকার উত্তরবস্তা মাঠ থেকে তাঁর নলকূপের মিটার চুরি হয়। বিকাশের মাধ্যমে চোরদের পাঁচ হাজার টাকা দিয়ে সেই মিটার ফেরত পান। কিন্তু পল্লী বিদ্যুৎ সেই মিটার পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। পরীক্ষার রিপোর্ট খারাপ হলে তাঁকে কমপক্ষে ২৫ হাজার টাকা বাড়তি খরচ করতে হবে। বড় ধরনের ক্ষতির আশঙ্কায় কোনো মালিকই সংঘবদ্ধ ওই চোর চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে জানান সুমন চৌধুরী।
জেলা গভীর নলকূপ মালিক সমিতির সাধারণ সম্পাদক অফির উদ্দিন অভিযোগ করেন, চলতি বোরো মৌসুমে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় শতাধিক গভীর নলকূপের মিটার চুরির ঘটনা ঘটেছে। মালিকদের কাছ থেকে টাকা নিয়ে গোপনে কোথাও সেই মিটার রেখে যায় চোরেরা। সেখান থেকে পরে ফেরত আনেন নলকূপ মালিকেরা। কিন্তু সংঘবদ্ধ এ চক্রের বিরুদ্ধে গভীর নলকূপ মালিকেরা থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না। এ বছরই প্রথম এভাবে মিটার চুরি করে টাকার বিনিময়ে ফেরতের ঘটনা ঘটছে।
কালাইয়ের পুনট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম হোসেন বলেন, মিটার চুরি ও টাকার বিনিময়ে ফেরতের বিষয়টি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। তবে কোনো গভীর নলকূপ মালিকই অভিযোগ না করায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
আক্কেলপুরের রাইকালি ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, তাঁর ইউনিয়ন থেকে বিভিন্ন সময়ে একাধিক গভীর নলকূপ চুরি হয়। পরে টাকার বিনিময়ে সেগুলো ফেরত পেয়েছেন মালিকেরা। তিনি মালিকদের থানায় অভিযোগ করার পরামর্শ দিলেও ভয়ে কেউই অভিযোগ করেননি বলে জানান চেয়ারম্যান।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক (অর্থ) বাহাদুর আলী বলেন, ২৬টি মিটার চুরির অভিযোগ পেয়েছেন তাঁরা। মিটারগুলো খুলে নিয়ে চাঁদা আদায় করে আবার অনেককে ফেরতও দেওয়া হয়েছে বলে শুনেছেন তিনি।
ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যথাক্রমে মুনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও আবুল কালাম আজাদ বলেন, মিটার চুরি করে চাঁদা আদায়ের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই তিন উপজেলায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতে ৯৬০টি গভীর নলকূপ চলছে। এবার বোরো মৌসুম শুরুর পর মার্চ মাস থেকে বিভিন্ন মাঠের গভীর নলকূপের মিটার চুরি শুরু হয়। প্রায় প্রতি রাতে কোনো না কোনো গভীর নলকূপের মিটার চুরি হচ্ছে। এমনকি এক রাতে ১০ থেকে ১২টি মিটার চুরিরও অভিযোগ পাওয়া গেছে। পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে সরবরাহ করা নিরাপত্তা সিল যেসব মিটারের নষ্ট হয়েছে, কেবল সেগুলো নলকূপ মালিকেরা নিরুপায় হয়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অভিযোগ করেছেন।