গভীর রাত পর্যন্ত মাইক বাজানোর অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদে (ইউপি) কয়েকজন প্রার্থী নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
পৌরসভার জামতলা এলাকার সোহেল মাহমুদ, সালাহউদ্দিন শেখসহ কয়েকজন বলেন, ইউপি নির্বাচন হলেও প্রচারণার মাইক পৌরসভা এলাকায়ও গভীর রাত পর্যন্ত বাজতে থাকে। মাইকের শব্দে অনেক মানুষ বিরক্ত হলেও বিষয়টি কেউ দেখছেন না।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, বেলা দুইটার আগে এবং রাত আটটার পরে নির্বাচনী প্রচারণার জন্য মাইক বাজানোর নিয়ম নেই।
উজানচরের জামতলার হাট এলাকার বাসিন্দা কোব্বাত হোসেন, আবুল কাসেমসহ কয়েকজন বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে প্রায়ই গভীর রাত পর্যন্ত মাইক বাজানো হচ্ছে। দু-একজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থী রাত ৯টা-১০টা পর্যন্ত মাইক বাজিয়ে যাচ্ছেন।
উজানচর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন ফকির বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজাহার ব্যাপারীর প্রচারণার মাইক প্রায় দিনই গভীর রাত পর্যন্ত বাজানো হয়। কিন্তু বিষয়টি যেন দেখার কেউ নেই।’
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজাহার ব্যাপারী বলেন, ‘গভীর রাত পর্যন্ত আমার মাইক বাজেনি। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যাটারিতে চার্জ না থাকায় আমার মাইক বন্ধ ছিল।’