গভীর রাতে অ্যাসিডে পুড়লেন মা-মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফসাদুল্লাপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে মা রশিদা বেগম (৪৮) ও মেয়ে সুমি বেগম (২৬) দগ্ধ হয়েছেন। রাশিদা বেগম ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সাদুল্লাপুর থানার পুলিশ ও অ্যাসিডদগ্ধ দুজনের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে রশিদা বেগম তাঁর মেয়ে সুমিকে নিয়ে বাড়ির পেছনে যান। পরে ফেরার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে মা ও মেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার সজীব কুমার বলেন, মা-মেয়ের দুজনের শরীরেই অ্যাসিডের বার্ন পাওয়া গেছে। রশিদা বেগমের বাম হাত, পিঠ, পাসহ ১০ ভাগ দগ্ধ হয়েছে। এ ছাড়া মেয়ে সুমির পেছনে ঊরুর ৪ ভাগ দগ্ধ হয়। তবে মা-মেয়ে দুজনেই আশঙ্কামুক্ত। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় রশিদা বেগম বাদী হয়ে শুক্রবার পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সাদুল্লাপুর থানায় অ্যাসিড-সন্ত্রাস আইনে মামলা করেন।
আহত রশিদা বেগম জানান, পেছন থেকে কে বা কারা আমাদের গায়ে দাহ্য পদার্থ ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে শরীরে জ্বলে ওঠে। তাদের কাউকে চিনতে পারিনি। তবে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক মাহাবুব হোসেন শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।