গভীর রাতে তাণ্ডব চালিয়ে বিদ্যালয় দখল

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে লোকজন নিয়ে বিদ্যালয়টি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বিদ্যালয়ের দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে ৪০টি বেঞ্চ, ১৪টি চেয়ারসহ আসবাব ভাঙচুর করা হয়েছে। পুরো বিদ্যালয়টি বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের আমিনুল ইসলাম ১৯৯৫ সালে রেজিস্ট্রি করে ৬২ শতাংশ জমি ওই বিদ্যালয়ের নামে দান করেন। কিন্তু ১৯৯৮ সালে আমিনুল দান করা জমি ফেরত চেয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। জমি নিয়ে এখনো ওই মামলা চলছে।
গত বৃহস্পতিবার রাত একটার দিকে আমিনুল ইসলাম শতাধিক লোক নিয়ে বিদ্যালয়ে দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে কক্ষে থাকা বেঞ্চ, চেয়ার-টেবিল, আসবাব ভাঙচুর ও কাগজপত্র তছনছ করেন। পরে রাতেই বিদ্যালয়ের মাঠটি দখল করে টিন দিয়ে চারটি ঘর নির্মাণ করেন। এ সময় বিদ্যালয়ের চারপাশে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক বলেন, ওই জমি নিয়ে এখনো মামলা চলছে। হঠাৎ রাতের আঁধারে আমিনুলের নেতৃত্বে লোকজন বিদ্যালয়ে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটান। বিদ্যালয়ের জমি দখল করতে মাঠে চারটি ঘরও নির্মাণ করেন তিনি। তিনি জানান, বিষয়টি শুনে সকালে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়ে সেখানে ঢুকতে চাইলে আমিনুলের লোকজন তাঁদের ঢুকতে দেননি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রইচ উদ্দিন জানান, আমিনুল নিজেই জমি দান করে আবার ফেরতের জন্য মামলা করেছেন। হঠাৎ রাতে বিদ্যালয়ে ঢুকে সন্ত্রাসী কায়দায় মাঠটি দখল করে নিয়েছেন। বিদ্যালয়ের লোকজনকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের আসবাব ভাঙচুর ও মাঠ দখলের খবর পেয়েছি। বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’