গভীর রাতে তিন ছাত্রাবাসে পুলিশের তল্লাশি, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রাবাসে (হল) গত শুক্রবার গভীর রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় শিবিরের লিফলেটসহ চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আবদুল্লাহ আল গালিব, রসায়ন বিভাগের মাস্টার্সের আতিকুল আলম, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের সুলতান মাহমুদ ও ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এনামুল হক।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসে নাশকতা সৃষ্টি করতে পারেন—এমন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে প্রথমে তল্লাশি শুরু করা হয়। তবে ওই হল থেকে কাউকে আটক করা হয়নি। এরপর শহীদ জিয়াউর রহমান হল ও হবিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে শিবিরের লিফলেট উদ্ধার করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।