গভীর রাতে বাড়িতে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলার মধ্য আউশপাড়া গ্রামে এক পীরের অনুসারীদের হামলায় কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে।
মধ্য আউশপাড়া গ্রামের তিন ব্যক্তি জানান, মুদাফফরগঞ্জ ইউনিয়নের মধ্য আউশপাড়া বাইতুন নূর মসজিদ মাঠে শুক্রবার রাতে আয়োজিত মাহফিলে বয়ান করতে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান পীর সৈয়দ মো. বাহাদুর শাহ। রাত দুইটার দিকে মাহফিল শেষ করে বাহাদুর শাহ গাড়িতে করে ফিরছিলেন। মাহফিলস্থল থেকে কিছুদূর যাওয়ার পর কে বা কারা তাঁর গাড়িতে ঢিল ছুড়ে। এ ঘটনায় তাঁর অনুসারীরা মাহফিলের মাইকে ঘোষণা দেন, পীরের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এ সময় ওই গ্রামের মাওলানা মাহবুবুর রহমানের দুটি ঘর, শাহ আলম ভূঁইয়া, মো. শাহজাহান, শিক্ষক শাহজাহান, কেফায়েত উল্যাহ ও হেদায়েত উল্যাহর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, খড়ের গাদায় অগ্নিসংযোগ, টাকাপয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগিসহ জিনিসপত্র লুট করে। হামলায় অন্তত ১০ জন আহত হন। তাঁরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।
মধ্য আউশপাড়া গ্রামের শাহ আলম ভূঁইয়া বলেন, ‘কিছু সুবিধাবাদী লোকজনও হামলায় অংশ নেয়। কারা পীরের গাড়িতে হামলা করেছে তা আমরা বলতে পারব না।’ পীরের অনুসারী আবদুল হক ও আনোয়ার হোসেন বলেন, ‘পীরের মতাদর্শের বিরুদ্ধে যাঁরা রয়েছেন, তাঁরাই গাড়িতে হামলা করেন। আর আমাদের কেউ হামলা, লুট, আগুন দেওয়ার ঘটনায় জড়িত নন।’
মুদাফফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।