গভীর সাগর থেকে ফিরছে ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার থেকে শুরু হচ্ছে ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা। এ কারণে গভীর সাগর থেকে মাছ ধরার ট্রলারগুলো কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছে। এদিকে প্রথমবারের মতো এবার কক্সবাজারের ১০ হাজার ৫০০ জন জেলেকে (নিষেধাজ্ঞার সময়ে) দেওয়া হবে ২০ কেজি করে চাল।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, জেলার আটটি উপজেলায় ছোট-বড় ট্রলার আছে প্রায় ছয় হাজার। প্রতিটি ট্রলারে জেলে থাকেন ১৫ থেকে ২০ জন করে। এ হিসাবে জেলের সংখ্যা কম-বেশি এক লাখ। এর মধ্যে মাত্র ১০ হাজার ৫০০ জনকে বিনা মূল্যে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এতে বঞ্চিত থেকে যাবেন বিপুলসংখ্যক জেলে। এতে অনেকে হতাশ।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার জেলে আবু বক্কর বলেন, চেয়ারম্যান-মেম্বাররা যাঁদের নাম দেবেন, তাঁরাই নাকি সরকারি চাল পাবেন। এ রকম হলে দরিদ্র জেলেরা সরকারি সুযোগ থেকে বঞ্চিত হবেন।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙার জেলে ছৈয়দ হোসেন বলেন, ‘চাল দেওয়ার খবরে কিছু জেলে খুশি হলেও বেশির ভাগই ক্ষুব্ধ। কারণ, বেশির ভাগ জেলেই সরকারি চাল পাবেন না।’

জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা যথাযথ বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য মৎস্য অধিদপ্তরের একাধিক দল জেলা ও উপজেলার সব হাটবাজার, অবতরণকেন্দ্র, আড়ত ও হিমাগারগুলো নিয়মিত পরিদর্শন করবে।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ১১ অক্টোবরের মধ্যে সব যান্ত্রিক ও অযান্ত্রিক মাছ ধরার নৌকাকে গভীর সাগর থেকে উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২০ শতাংশ ট্রলার ফিরে এসেছে। নিষেধাজ্ঞা চলাকালে উপকূলের সব বরফকল ও ফিশিং বোটে ডিজেল সরবরাহকারী ডিপোগুলো বন্ধ রাখা হবে। পাশাপাশি সাগরে গিয়ে পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪১ হাজার ৩৯০। এর মধ্যে এবার (প্রথম দফায়) সাড়ে ১০ হাজার জেলেকে বিনা মূল্যে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগামী বছর এর সংখ্যা বাড়ানো হবে।

এদিকে মা-ইলিশ রক্ষায় জেলাব্যাপী প্রচারণা চালাচ্ছে টাস্কফোর্স। জেলা টাস্কফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নিষেধাজ্ঞার সময়ে সাগরে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করা হবে। শহরের বাঁকখালী নদীর মোহনা ও সাগর চ্যানেলে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ যৌথ তল্লাশিচৌকি স্থাপন করা হবে। মা-ইলিশ রক্ষা ও প্রাকৃতিক জলাশয়ে মৎস্য আহরণ নিষিদ্ধকরণ-সংক্রান্ত সরকারি আদেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য একাধিক ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবেন।