গভীর সাগরে দস্যুদের কবলে পড়ছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সাগর থেকে ইলিশ মাছ ধরে উপকূলে ফিরতে পারছেন না কক্সবাজারের জেলেরা। জলদস্যু বাহিনী জেলেদের মাছ লুট করে জালসহ ট্রলার নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানতে চাইলে কোস্টগার্ড কক্সবাজারের কন্টিনজেন্ট কমান্ডার নান্নু মিয়া বলেন, ‘গভীর সাগরে জেলেরা দস্যুবাহিনীর কবলে পড়ছেন বলে খবর পাচ্ছি। কোস্টগার্ড সেখানে যায় না। উপকূল এলাকায় জলদস্যুদের তৎপরতা বন্ধে কাজ করছে কোস্টগার্ড।’

পুলিশ ও জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ২১ অক্টোবর ভোরে উপকূলের কলাতলী পয়েন্টে অস্ত্রের মুখে জলদস্যুরা একটি ট্রলারের ১৫ জন জেলেকে জিম্মি করে ইলিশ লুট করে। এ সময় দস্যুদের গুলিতে ট্রলারের মাঝি কামাল আহমদ ও জেলে মোহাম্মদ গুলিবিদ্ধ হন। ট্রলারের ১৩ জেলেকেও মারধর করে দস্যুরা। ওই ট্রলারের মালিক কক্সবাজার শহরের নুনিয়াছটার বাসিন্দা মমতাজ আহমদ বলেন, গুলিবিদ্ধ দুই জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, টেকনাফের প্রায় দুই হাজার ট্রলার চার দিন ধরে সাগরে মাছ ধরছে। জালে ইলিশসহ বিপুল পরিমাণ মাছ ধরা পড়ছে। কিন্তু দস্যুদের লুটপাটের কারণে মাছ নিয়ে জেলেরা ঘাটে ফিরতে পারছেন না।

জেলে ও ট্রলারমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপকূলে প্রায় ২০০ দস্যু লুটপাট চালাচ্ছে। জেলেদের দাবি, দস্যুদের অধিকাংশই অনুপ্রবেশকারী রোহিঙ্গা।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, চার দিন ধরে সাগরে মাছ ধরছে প্রায় পাঁচ হাজার ট্রলার। কিন্তু সেন্ট মার্টিন থেকে কুতুবদিয়া পর্যন্ত ১২০ কিলোমিটার উপকূলে ১০-১২টি দস্যুবাহিনীর উৎপাত বেড়ে গেছে। এ কারণে জেলেরা মাছ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। গত তিন দিনে দস্যুরা ১৭টি ট্রলারের কোটি টাকার মাছ, জাল, জালানি তেলসহ কয়েকটি ট্রলার লুট করেছে। দস্যুদের হামলায় আহত হয়েছেন অন্তত ৭০ জন জেলে। এর মধ্যে সাগর থেকে উদ্ধার করা হয়েছে ২৬ জন জেলেকে।

এ বিষয়ে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, গভীর সাগরে দস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর মতো আধুনিক জলযান পুলিশের নেই। স্থলভাগে অভিযান চালিয়ে দস্যুদের ধরার চেষ্টা চলছে।