পাবনার আটঘরিয়া উপজেলার সরকারি খাদ্যগুদামে গম সরবরাহকে কেন্দ্র করে গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ইমরান হোসেন (৩০), ফরহাদ হোসেন (৩৫), আকাশ রহমান (২৮) ও আল আমীন (৩৬)। তাঁদের সবার বাড়ি আটঘরিয়া সদরে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও খাদ্যগুদামে গম সরবরাহকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে গুদামে গম সরবরাহকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পরে কৃষকদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। ব্যবসায়ীদের নিয়ে অপর সিন্ডিকেট করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম। শুরুতে সিন্ডিকেটের সদস্যরা কৃষকের কাছ থেকে কম দামে গম কিনে আবার কৃষকের মাধ্যমেই গুদামে সরবরাহ করছিলেন। এখন কৃষকের কাছে গম না থাকায় সিন্ডিকেটের সদস্যরা ব্যবসায়ীদের কাছে মজুতে থাকা গম কিনে গুদামে সরবরাহ করছেন। তবে একটি পক্ষ গুদামে বেশি গম সরবরাহ করলে অপর পক্ষ ক্ষিপ্ত হচ্ছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই চারজনকে আটক করা হয়।
গফুর মিয়া বলেন, ‘আমি কৃষকের হয়ে কথা বলি। এর বাইরে কিছু নেই। আমার সিন্ডিকেটও নেই।’ মনিরুল বলেন, এখানে সিন্ডিকেট নেই। নিয়ম অনুযায়ী সরবরাহ চলছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কিছু লোক বিশৃঙ্খলা করছিল। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।