ছবি বিশ্বাসের ওপর হামলায় গ্রেপ্তার গয়েশ্বর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে।
আজ শুক্রবার ভোর ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে এ কথা জানান।
তিনি বলেন, দুপুরে গয়েশ্বর চন্দ্র রায়কে আদালাতে পাঠানো হবে।
গয়েশ্বরকে গ্রেপ্তার ‘অবৈধ’ সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ: খালেদা
ভোর ছয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় গতকাল শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ছবি বিশ্বাসের ওপর হামলা ছাড়াও পুলিশের ওপর আক্রমণের অভিযোগ আনা হয় মামলাটিতে। একই অভিযোগে চকবাজার থানায় আরও একটি মামলা করে পুলিশ।