গরম পানিতে ঝলসে গেল শাশুড়ির শরীর
ঢাকার সাভার উপজেলায় পারিবারিক কলহের জেরে গরম পানিতে ঝলসে গেছে বৃদ্ধা শাশুড়ির শরীর। আর এই ঘটনার জন্য অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার নামা গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শাশুড়ির নাম রাবেয়া খানম (৬৫)। তিনি উপজেলার গেন্ডা এলাকার ডা. আদম আলীর স্ত্রী। অভিযুক্ত পুত্রবধূ হলেন স্বপ্না বেগম।
পুলিশ ও রাবেয়ার পারিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুত্রবধূ স্বপ্না বেগমের সঙ্গে রাবেয়া বেগমসহ পরিবারের অন্য সদস্যদের কলহ চলে আসছিল। কলহের জেরে গতকাল দুপুরে স্বপ্না তাঁর শাশুড়ির শরীরে গরম পানি ঢেলে দেন। এর আগে তিনি শাশুড়িকে মারধরও করেন। শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ভর্তির পর তাঁর অবস্থার অবনতি হলে বিকেলের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামছুন নাহার প্রথম আলোকে বলেন, গরম পানিতে রাবেয়া বেগমের কপাল, বুক, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশের ৩০ শতাংশ ঝলসে গেছে।
রাবেয়ার ছেলে কামরুজ্জামান বলেন, বিয়ের পর থেকেই ভাবির সঙ্গে তাঁদের বনিবনা হচ্ছিল না। তিনি প্রায়ই তাঁর মাকে হত্যার হুমকি দিতেন। এ জন্য গত রোববার তিনি সাভার মডেল থানায় ভাবির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হুদা প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে পুত্রবধূ স্বপ্না বেগম তাঁর শাশুড়ির রাবেয়া খানমকে মারধরের পর গরম পানিতে ঝলসে দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন।