গরমে আইসক্রিম বানাতে চট্টগ্রাম আসেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হতো অস্বাস্থ্যকর রং। ছবি: জুয়েল শীল
আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হতো অস্বাস্থ্যকর রং। ছবি: জুয়েল শীল

বরিশালের মো. শফিকুল হক প্রতিবছর গ্রীষ্মকাল আসার আগে চট্টগ্রাম আসেন। এসে আইসক্রিম বানানোর ব্যবসা শুরু করেন। কোনো ধরনের ছাড়পত্র ছাড়া অস্বাস্থ্যকর রং ও ঘনচিনি ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং বিক্রি করত হ্যাপি আইসবার নামে কারখানাটি।
আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সদরঘাট থানাধীন ডিটি রোড এলাকার এই আইসক্রিম কারখানাটি সিলগালা করেছেন। পাশাপাশি কারখানার মালিক শফিকুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন। তিনি জানান, এই লোক প্রতিবছর গরমের আগে চট্টগ্রামে এসে আইসক্রিম তৈরির কাজে লেগে যান বলে আমাদের কাছে স্বীকার করেছেন। তাঁর কারখানার কোনো ধরনের ছাড়পত্র নেই। খাওয়ার অনুপযোগী রং ও ঘনচিনি ব্যবহার করে তিনি আইসক্রিম বানাতেন।

কুলফি আইসক্রিম বানাতে ব্যবহার করা হতো অ্যারারুট। ছবি: জুয়েল শীল
কুলফি আইসক্রিম বানাতে ব্যবহার করা হতো অ্যারারুট। ছবি: জুয়েল শীল

অভিযান সূত্রে জানা গেছে, ঘনচিনি, সাইট্রিক অ্যাসিড, সবুজ রং দিয়ে লেমন আইসক্রিম বানানো হচ্ছিল। এ ছাড়া কুলফি আইসক্রিম বানানোর জন্য ব্যবহার করা হতো ঘনচিনি, স্যাকারিন ও অ্যারারুট।

কারখানাটি থেকে পাঁচ হাজার তৈরি আইসক্রিম ও ১০ হাজার টাকার বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়।