গরিবের চাল আত্মসাত করায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় বারইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুর রহমান লালকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ ইউনিয়নের সাগরগামী জেলেদের জন্য বরাদ্দ করা বিশেষ ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোরেলগঞ্জ থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পরিষদের গুদাম থেকে ৩১ বস্তা চাল উদ্ধার করার পর গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান বলেন, উপজেলার বারইখালী ইউনিয়নে সাগরগামী ১৮০ জন তালিকাভুক্ত মৎস্যজীবী আছেন। গত মার্চ মাস থেকে সরকার চার মাসের জন্য বঙ্গোপসাগরে জাটকা আহরণ নিষিদ্ধ করে। এই সময়ের জন্য সরকার তালিকাভুক্ত প্রতিজন জেলের জন্য প্রণোদনা হিসেবে (বিশেষ ভিজিএফ) ৪০ কেজি করে চাল বরাদ্দ করে। তালিকাভুক্ত এসব জেলের মাঝে জুন মাসের শেষ কিস্তির চাল বিতরণ করা হচ্ছিল। তিনি বলেন, এই চাল বিতরণে অনিয়ম হচ্ছে, এমন খবর জানতে পেরে মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা পুলিশ নিয়ে সেখানে অভিযানে যান। তাঁরা তালিকাভুক্ত জেলেদের মাস্টাররোল পরীক্ষা করে দেখেন, সব চাল বিতরণ হয়ে গেছে। কিন্তু পরিষদের গুদাম তল্লাশি করে দেখা যায়, ওই চালের মধ্যে ৩১ বস্তা চাল গুদামে মজুত রয়েছে। ফলে জেলেদের বরাদ্দ চাল ওজনে কম দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া যায়, যা চেয়ারম্যান নিজে আত্মসাৎ করে মজুত করেছেন বলে প্রতীয়মান। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই চাল উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।