গরিবের জন্য পোকা খাওয়া গম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে অতিদরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে চালের বদলে পোকা খাওয়া গম বিতরণের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীরা এসব গম নিয়ে কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১৪ জুন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলা ও পৌর এলাকার দুস্থ পরিবারের জন্য ১০ কেজি করে বিনা মূল্যে খাদ্য সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পর ঠাকুরগাঁওয়ের৮৮ হাজার ৯১০ জন সুবিধাভোগীর জন্য ৮৮৯ দশমিক ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

 খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব নুরুল ইসলাম শেখ এক চিঠিতে গত রোববার খাদ্য অধিদপ্তরকে রমজান ও ঈদে ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া চালের বদলে গম সরবরাহের অনুমোদন দেন। আরেক চিঠিতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য অনুযায়ী ১ কেজি চালের বদলে ১ কেজি ৩২৭ গ্রাম গম বিতরণ করতে বলা হয়। চিঠি পেয়ে খাদ্য অধিদপ্তরের পরিচালক কাজী নুরুল ইসলাম ঈদে ভিজিএফ কর্মসূচিতে চালের বদলে গম বিতরণের সিদ্ধান্তটি আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের জানিয়ে দেন। ওই চিঠিতে সদ্য সংগৃহীত গম বিতরণ না করারও নির্দেশনা দেওয়া হয়।

গত বুধবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে দেখা গেছে, চারজন সুবিধাভোগীর জন্য ৫০ কেজি ওজনের এক বস্তা গম দেওয়া হচ্ছে। সুবিধাভোগীরা নিজেদের মধ্যে তা ভাগ করে বস্তা ফেরত দিয়ে যাচ্ছেন। ইউপি ভবনের সামনে সুবিধাভোগীদের গম কিনছিলেন কয়েকজন ব্যবসায়ী। সে সময় রইসুল ইসলাম নামের একজন ব্যবসায়ী বলেন, বিতরণ করা গম পোকা খাওয়া হওয়ায় সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। তিনি প্রতি কেজি এসব গম ১৫ থেকে ১৬ টাকায় কিনে নিচ্ছেন।

আবদুল জলিল নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘৩৫০ জন কার্ডধারীর গম কিনেছি। আমি এই গম কিনে গরু, মুরগি ও মাছের খাদ্য হিসেবে বিক্রি করব।’

ভিজিএফের গম নিতে আসা কয়েকজন নারী বলেন, গম পাওয়ার পর মেপে দেখা গেছে, ১৩ কেজির জায়গায় ৯ থেকে সাড়ে ৯ কেজি করে হচ্ছে। এসব পোকা খাওয়া গম খাওয়ার অনুপযোগী। এ কারণে বিক্রি করছেন।

মুন্সিপাড়া গ্রামের মো. মসলেম উদ্দিন বলেন, ‘বিনা মূল্যে চাল পাওয়ার কথা শুনে খুশি মনে হাজিরার কাজ ফেলে এখানে এসেছিলাম। এসে দেখি গম দেওয়া হচ্ছে। তাও আবার পোকা খাওয়া।’

ভোপলা গ্রামের আছিয়া বেগম বলেন, ‘ধুলা, পোকা খাওয়া গম কী খাওয়া যায়! এই গম বেচে পাওয়া কয়টা টাকা দিয়ে ভালো দেখে চাল কিনব।’

সৈয়দপুর গ্রামের আবদুল মান্নান নামের আরেক সুবিধাভোগী বলেন, ‘পোকা খাওয়া ১৩ কেজি গম না দিয়ে পাঁচ কেজি করে চাল দিলে ঈদে আমাদের কাজে লাগত।’

জানতে চাইলে বেগুনবাড়ী ইউপির চেয়ারম্যান মো. বনি আমিন বলেন, ‘খাদ্যগুদাম থেকে যেমন গম পেয়েছি, তা বিতরণ করছি। বরাদ্দ দেওয়া গম পুরোনো হয়ে যাওয়ায় তাতে পোকা দেখা দিয়েছে। আমরা তিনজন সুবিধাভোগীর মাঝে এক বস্তা গম দিয়ে দিয়েছি। গুদাম থেকে সরবরাহ করা বস্তায় গম কম থাকলে আমাদের করার কিছু নেই।’

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ বলেন, সদর উপজেলার বিভিন্ন গুদামে ২০১৬ সালে কেনা প্রায় ১০০ মেট্রিক টন গম মজুত রয়েছে। ভিজিএফ কর্মসূচিতে সেসব গম বরাদ্দ দেওয়া হচ্ছে। গম পুরোনো হয়ে যাওয়ায় তাতে পোকা দেখা দিতে পারে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, ভিজিএফ কর্মসূচিতে পোকা খাওয়া গম বিতরণের বিষয়টি তাঁর জানা নেই।