গরিবের টাকা লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজ-কলমে ‘তঁারা’ কর্মস্থলে উপস্থিত। ‘তঁাদের’ নামে টাকাও ওঠে নিয়মিত। কিন্তু বাস্তবে তঁারা নেই।
এই ‘তঁারা’ হচ্ছেন দেশের অতিদরিদ্র জনগোষ্ঠী। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) শ্রমিক পরিচয়ধারী ব্যক্তিরা ইউপি সদস্য, তাঁদের ছেলে এবং অনুগত।
বছরের কর্মহীন দুটি মৌসুমে (অক্টোবর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে এপ্রিল) অতিদরিদ্র গ্রামীণ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের উদ্দেশ্যে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য ও অসাধু কিছু সরকারি কর্মকর্তা যোগসাজশ করে হতদরিদ্র মানুষদের জন্য বরাদ্দ লাখ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন।
দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় চলমান কর্মসূচিতে এ ধরনের ভুয়া শ্রমিকের মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ওই চার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাগুলোতে গত ১৮ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলে। এতে নবাবগঞ্জের নয়টি ইউনিয়নের ৩০ প্রকল্পে ১ হাজার ৬০১ জন, বিরামপুরের ৩৪ প্রকল্পে ৮৪২, হাকিমপুরের ২৫ প্রকল্পে ৪৬৭ এবং ঘোড়াঘাটের ২২ প্রকল্পে ৮৮৫ জন শ্রমিকের কাজ করার কথা ছিল। শ্রমিকদের মাথাপিছু প্রতিদিন বরাদ্দ ছিল ২০০ টাকা।
হাকিমপুরের আলীহাট ইউনিয়নের জাংগইল পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের রাস্তা এবং টুব্বির মসজিদের রাস্তা এবার ইজিপিপি প্রকল্পের অধীনে এবার পুনর্নির্মাণ করার কথা ছিল। ৬ জুন সরেজমিনে দেখা যায়, এ দুটি প্রকল্পে কোনো কাজই হয়নি। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু সুফিয়ান, লোকমান হোসেনসহ এলাকাবাসীর অভিযোগ, গত পাঁচ বছরেও এ দুটি রাস্তায় কোনো কাজ হয়নি। পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি রাস্তাই পুনর্নির্মাণ প্রকল্পে ২০ শ্রমিকের কাজ করার কথা ছিল। বরাদ্দ ছিল ১ লাখ ২০ হাজার টাকা করে। এই ৪০ জনসহ আলী হাট ইউনিয়নে ১৯০ শ্রমিকের মধ্যে ৯০ জনই ভুয়া। এরা সবাই ইউপি চেয়ারম্যান গোলাম রসুলের অনুগত।
পিআইও সজীবুল ইসলাম বলেন, প্রকল্প দুটিতে কাজ না হওয়ার বিষয়টি তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সরেজমিনে ২ জুন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ‘মোগরপাড়া ডিগ্রি কলেজের পেছন থেকে পূর্ব ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পুনর্নির্মাণ’ প্রকল্প এবং ‘মল্লিকপুর মৌজার লুৎফরের বাড়ি হতে উত্তর দেবীপুর পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ’ প্রকল্প পরিদর্শন করেন সংশ্লিষ্ট ইউএনও এবং পিআইও। তাঁরা এ প্রকল্পে ১১১ শ্রমিকের মধ্যে ২৯ জন ভুয়া শ্রমিক চিহ্নিত করে তাদের বাদ দেন। বাদ পড়া শ্রমিকের মধ্যে আছেন সংশ্লিষ্ট ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকিরুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মছির উদ্দিনের ছেলে মো. আনোয়ার।
নবাবগঞ্জের পিআইও মনিরুজ্জামান সরকার জানান, তিনি গত বছর এখানে যোগদানের পর ৪০ দিনের প্রকল্পে দেড় শতাধিক ভুয়া শ্রমিক রয়েছেন বলে জানতে পারেন। পরে তিনি ইউএনও ইসরাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করে এসব ভুয়া শ্রমিক চিহ্নিত করা শুরু করেন।
নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী পিআইও কার্যালয়ে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধানের উপস্থিতিতে প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাসিক সম্মানী ভাতা মাত্র ১ হাজার ৩৫০ টাকা এবং ইউপি সদস্যদের ৯৫০ টাকা। এসব প্রকল্প পরিদর্শনের জন্য ইউএনও-পিআইওরা টিএ, ডিএ পান। কিন্তু ইউপি চেয়ারম্যান বা ইউপি সদস্যদের জন্য কোনো বরাদ্দই নেই। তাই গত ইউএনও আহসান হাবিবের সঙ্গে ইউপি চেয়ারম্যানরা বৈঠক করে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের জন্য কিছু শ্রমিক রাখেন, যাদের মজুরি পারিশ্রমিক হিসেবে তাঁরা নেন।
বর্তমানে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দায়িত্বে থাকা ইউএনও আহসান হাবিব মুঠোফোনে বলেন, নবাবগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে তাঁর ওই ধরনের কোনো আলোচনাই হয়নি।
বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা দাবি করেন, তাঁরা নিজ নিজ উপজেলা থেকে ভুয়া শ্রমিক চিহ্নিত করে বাদ দিয়েছেন। তবে তাঁরা প্রতিটি প্রকল্পে গড়ে তিন থেকে সাত দিনের বেশি যেতে পারেননি বলেও স্বীকার করেন। তাঁরা যেদিন পরিদর্শনে গেছেন, শুধু সেদিনই যেসব শ্রমিককে কাজে পাওয়া যায়নি, সেদিনের জন্য ওই শ্রমিককে অনুপস্থিত করা হয়েছে। এসব শ্রমিকের নাম আসে স্থানীয় চেয়ারম্যানদের কাছে থেকে। তাই ভুয়া শ্রমিকদের দায় পুরোটাই চেয়ারম্যানদের।
তবে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও বিরামপুরের পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, চেয়ারম্যান নয়, শ্রমিকদের তালিকা করেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।
দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, যেসব দুর্নীতিবাজের কারণে সরকারের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে, তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউএনওদের তিনি নির্দেশ দিয়েছেন।