গরু আনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে গরু আনতে গিয়ে নদীতে নিখোঁজ বাংলাদেশি ব্যবসায়ী শহিদুল ইসলামের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোদলা নদীতে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত শহিদুল মহেশপুরের বড়বাড়ি গ্রামের মৃত কাঙ্গালী মণ্ডলের ছেলে। তিনি ভারত থেকে গরু কিনে দেশে এনে বিক্রি করতেন।
নিহতের স্বজন মহিউদ্দিন বলেন, মঙ্গলবার শহিদুলসহ কয়েকজন ব্যবসায়ীর ভারতে গরু আনতে যান। বুধবার রাত ১০টার দিকে গরু নিয়ে সীমান্তবর্তী মাটিলা গ্রামের কোদলা নদী পার হওয়ার চেষ্টা করেন। নদীতে নামার পর শহিদুল ইসলাম হারিয়ে যান। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বেলা ১১টার দিকে ডুবে যাওয়া স্থানের কিছু দূরে ওই নদীতেই একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাঁরা শনাক্ত করেন লাশটি শহিদুলের।
মহিউদ্দিন বলেন, শহিদুল মৃগি রোগী। ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি পানিতে ডুবতে পারেন।
মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বলেন, নিহত শহিদুল পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর মূল কারণ জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।