গরু খেল ধান, যুবকের গেল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুতে ধান খাওয়া নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে দুলাল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। দুলাল মিয়া গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের সাহেদ মিয়ার ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে একটি ফসলি মাঠে গরুর ধান খাওয়া নিয়ে গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের রজব আলীর সঙ্গে সোনাতলা গ্রামের দুলাল মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ বিকেল চারটার দিকে উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, দা-বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে টেঁটাবিদ্ধ হয়ে দুলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।