গরু চুরির অভিযোগে ছয়জনকে গণপিটুনি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গরুচোর সন্দেহে ভদুয়া গ্রামে ছয় ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। তবে তাঁরা সবাই নিজেদের গরু ব্যবসায়ী বলে দাবি করেছেন। আজ শনিবার ভোররাতে আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের ভদুয়া গ্রামের যমুনা মাঠে গণপিটুনির ঘটনা ঘটে। পুলিশ আহত ছয়জনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
গণপিটুনির শিকার ছয়জন হলেন জেলার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের আবুল কালাম (৪৫), মোহাম্মদ সাহেব (৪৫), আবদুল গাফফার (৩০), মো. ইনতাজুল হোসেন (৩০), উজিরপুর গ্রামের খাকছার মণ্ডল (৫০) ও ট্রাকচালক চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার শামীম (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে আলমডাঙ্গার ভদুয়া গ্রামের আমজাদ হোসেন ও রেজাউল ইসলামের দুটি গরু চুরি হয়। এরপর গ্রামবাসী মসজিদের মাইকে বিষয়টি জানালে গ্রামের লোকজন একত্র হয়ে গরু খুঁজতে শুরু করেন। একপর্যায়ে লোকজন আজ শনিবার ভোরে গ্রামের যমুনার মাঠে গরুসহ একটি ট্রাক দেখতে পান। এরপর গ্রামবাসী গরুসহ ছয়জনকে আটক করে পিটুনি দেন এবং ট্রাকটি ভাঙচুর করেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ওই ছয়জনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত ছয়জনের মধ্যে শামীম ও গাফফারকে প্রাথমিক চিকিৎসার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি চারজন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইনতাজুল ইসলাম দাবি করেন, ট্রাকে করে তাঁরা জয়পুরহাট জেলায় গরু কিনতে যাচ্ছিলেন। আলমডাঙ্গা-জামজামি সড়কে যাওয়ার সময় যমুনার মাঠে ভদুয়া গ্রামের লোকজন পাওয়ার টিলার দিয়ে রাস্তা অবরোধ করেন। এরপর চালকসহ তাঁদের ট্রাক থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং তাঁদের কাছে থাকা গরু কেনার ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নেন। সেই সঙ্গে তাঁদের বহনকারী ট্রাকটিও ভাঙচুর করেন। অনেক অনুনয়-বিনয় করেও কোনো লাভ হয়নি।
হাউলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে গণপিটুনির শিকার পাঁচজনই প্রতিষ্ঠিত গরুর ব্যাপারি। এঁদের মধ্যে ইনতাজুল তিনটি ট্রাকের মালিক। তাঁরা দেশের বিভিন্ন এলাকার হাট থেকে গরু কিনে এনে চুয়াডাঙ্গার হাটগুলিতে বেচাকেনা করেন। ভদুয়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে যাঁদের পিটুনি দিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার পর মামলা দেওয়া হয়েছে, তাঁদের কেউই চুরির সঙ্গে জড়িত নন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, গরু চুরির ঘটনায় ভদুয়া গ্রামের আমজাদ হোসেন বাদী হয়ে ওই ছয়জনসহ আটজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা গরু দুটি সেগুলোর মালিক আমজাদ হোসেন ও রেজাউল হককে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্রাকের গদির নিচ থেকে ১ লাখ ৭৩ হাজার টাকা পাওয়া গেছে।