গরু চুরির অভিযোগ, গণপিটুনিতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে বড়সিট ভুঁইয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে মৃত দুই ব্যক্তি হলেন: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব গ্রামের মো. আলম (৩৮) ও তাঁর সহযোগী আবুল কালাম (৩৫)। গণপিটুনিতে আহত হন ঢাকার কেরানীগঞ্জের কাভার্ডভ্যান চালক মো. মোকসেদ (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে বিকেল পাঁচটার দিকে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ভুঁইয়াবাড়ী বড়সিট এলাকা দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে কাভার্ডভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের ধান খেতে উল্টে পড়ে। এ সময় আশপাশের লোকজন গিয়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে একটি গরু উদ্ধার করে। পরে কাভার্ডভ্যান চালক ও সঙ্গে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাঁদের চোর সন্দেহে গণপিটুনি দেয়। খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ গণপিটুনিতে আহত তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাসান জামিল কল্লোল জানান, দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অপরজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে গণপিটুনিতে আহত তিনজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একটি গরু উদ্ধার করে কাপাসিয়া থানায় রাখা হয়েছে। গরু মালিকের খোঁজ পাওয়া যায়নি। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।