গরু চোর সন্দেহে গণপিটুনি
গরু চোর সন্দেহে মিরাজ হোসেন (৪০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর আহত মিরাজ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাতে সাহাপুরের মিস্ত্রিপাড়ায় নাসিম উদ্দিন নামে এক কৃষকের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। চুরির পরপরই গরুর মালিক গরু খোঁজার জন্য বের হন। খুঁজতে খুঁজতে আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মিরাজ হোসেনকে ভ্যানে জবাই করা গরুর মাংস নিয়ে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি মিরাজকে চ্যালেঞ্জ করেন ও গরুর চামড়া কোথায় আছে তা দেখতে চান। এতে রাজি না হলে নাসিম মিরাজের বাড়িতে গিয়ে গরুর চামড়া দেখে তাঁর গরুটি শনাক্ত করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ও গরুর মালিক চোর সন্দেহে মিরাজকে পিটুনি দিয়ে আহত করেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসা শেষে তাঁকে দুপুর ১২টায় থানায় এনে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ গরু চুরির কথা স্বীকার করেছেন।