গরু চোরাচালান বন্ধ হলে সীমান্ত হত্যা কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজ আহমেদ
আজিজ আহমেদ

বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যার অন্তত ৯৫ শতাংশই ঘটছে গরু চোরাচালানের কারণে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এটা মনে করেন। তাঁরা মনে করেন, চোরাচালান বন্ধ করা গেলে সীমান্ত হত্যার পাশাপাশি নানা ধরনের অপরাধ কমে যাবে।
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল শুক্রবার রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে শেষ হওয়া বৈঠকে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানেরা গরু চোরাচালান বন্ধ হলে সীমান্ত হত্যা কমবে বলে একমত পোষণ করেন।
৩ অক্টোবর দিল্লিতে শেষ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৩তম সীমান্ত সম্মেলনের ফলাফল সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজিবির মহাপরিচালক বলেন, এবারের বৈঠকেও মূল আলোচ্যসূচি ছিল সীমান্ত হত্যা। সীমান্ত হত্যার পেছনে কী কী কারণ রয়েছে এবং কীভাবে সীমান্ত হত্যা কার্যকরভাবে বন্ধ করা যায়, তা নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সীমান্তে ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে বিএসএফের হাতে নিহত হয়েছেন ২২ জন। এর মধ্যে সেপ্টেম্বরে এক সপ্তাহেই চারজনকে হত্যা করা হয়েছে। তাই আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, আলোচনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকেরা এ বিষয়ে একমত হয়েছেন যে সীমান্ত হত্যার ৯৫ শতাংশের পেছনে রয়েছে গরু চোরাচালান। গরু চোরাচালানিদের ছত্রচ্ছায়ায় অবৈধ অস্ত্র, মাদক ও স্বর্ণের চোরাচালানও হচ্ছে। সীমান্তে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে গরু চোরাচালানকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ‘যেহেতু গরু সমগ্র ভারত থেকে সীমান্তে আসে, তাই এ ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে বাংলাদেশ ভারতকে অনুরোধ জানিয়েছে। আমরা দুই বাহিনীর প্রধান সম্মত হয়েছি, গরু চোরাচালানকে যদি নিয়ন্ত্রণে আনতে পারি, তবে সীমান্তের অনেক অপরাধ, বিশেষ করে হত্যা, অনেকটা কমে আসবে।’

বিজিবির মহাপরিচালক বলেন, প্রতিবারের মতো বিএসএফ এবারও বলেছে, তাদের লোকজন আক্রান্ত হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়ে এবং তারা প্রাণঘাতী (লেথাল) অস্ত্র ব্যবহার করে না। ফলে চলতি বছর বাংলাদেশের চোরাকারবারিরা বিএসএফের তিনজন জওয়ানকে হত্যা করেছে এবং ১৫৭ জনকে গুরুতরভাবে আহত করেছে।

আজিজ আহমেদ বলেন, ‘আমি তাদের বলেছি, তোমাদের লোকজন যেহেতু প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে না, সেখানে তো মানুষ মারা যাওয়ার কথা না। অথচ আমাদের লোকজন আক্রান্ত হলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে, কিন্তু আমরা তো মানুষ মারি না। আমরা নিয়ম মেনে চলি এবং ন্যূনতম শক্তি প্রয়োগ করি। আমরা প্রাথমিক সতর্কতা দিয়ে গুলি ছুড়ি। এরপরও যদি অপরাধীদের ছত্রভঙ্গ করা না যায়, তবে কোমরের নিচে লক্ষ্য করে গুলি ছুড়ি। তোমাদের লোকজন কেন বুক ও মাথায় গুলি করে?’

ইয়াবার নতুন রুট!

মিয়ানমার থেকে ইয়াবা পাচার হওয়ায় বাংলাদেশ এমনিতেই বেশ উদ্বিগ্ন রয়েছে। সম্প্রতি ভারত সীমান্ত হয়ে কয়েকজনকে ইয়াবাসহ আটকের পর বাংলাদেশের দুশ্চিন্তা আরও বেড়েছে। তাই বিজিবি-বিএসএফ বৈঠকে ভারত থেকে ইয়াবা পাচারের বিষয়টি তুলেছে বাংলাদেশ।

আজিজ আহমেদ বলেন, ‘ইয়াবা ভারতে তৈরি হয়ে বাংলাদেশে আসে, নাকি মিয়ানমার থেকে বিকল্প পথে ভারত হয়ে বাংলাদেশে আসে, সেটি জানতে চেয়েছি। তখন বিএসএফের মহাপরিচালক ও আলোচনায় উপস্থিত ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি জানান, ইয়াবা ভারতে তৈরি হয় এমন কোনো তথ্য তাঁদের জানা নেই। তারপরও বিষয়টি তাঁরা যাচাই করে দেখবেন।’

কাঁটাতারের প্রস্তাব নতুন নয়

সীমান্তবর্তী অনেকগুলো গ্রামে বিশেষ করে ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় দুই স্তরের কাঁটাতারের বেড়ার বাইরে এবং সীমান্তের দেড় শ গজের বাইরে লোকজন চোরাচালানে জড়িত থাকায় আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ দুরূহ হয়ে পড়ে। বেশ কিছু জনবসতিতে ইতিমধ্যে এক স্তরের কাঁটাতারের বেড়া দেওয়ায় অপরাধ অনেক কমেছে।

এ প্রসঙ্গে আজিজ আহমেদ বলেন, যেহেতু সীমান্তবর্তী কিছু গ্রামে চোরাচালানে যুক্ত লোকজনকে বিএসএফ নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তারা সেখানে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা করেছে। এ বিষয়টি নিয়ে আগেও আলোচনা হয়েছে, এটাই প্রথম নয়।

ভারতীয় সীমান্তের কিছু জনবসতিতে ইতিমধ্যে এক স্তরের কাঁটাতারের বেড়া দেওয়ায় অপরাধ অনেক কমেছে। তাই অবশিষ্ট এলাকাগুলোতে গেটসহ এক স্তরবিশিষ্ট কাঁটাতারের বেড়া স্থাপনে বিজিবির মহাপরিচালকের সহযোগিতা চান বিএসএফের মহাপরিচালক। তখন বিজিবির মহাপরিচালক অধিকতর নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যৌথ জরিপ শেষ করার পর ওই গেটে দুই স্তরের কাঁটাতারের বেড়া দেওয়ার পক্ষে মত দেন। এ প্রসঙ্গে মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্তে নিরাপত্তার বৃহত্তর স্বার্থে ইতিপূর্বে দেড় শ গজের মধ্যে এক স্তর কাঁটাতারের বেড়া স্থাপনে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও একই উদ্দেশ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবারের বৈঠকে বিজিবির পক্ষ থেকে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের ১ হাজার ২০০ অপরাধীর তালিকা বিএসএফকে দেওয়া হয়েছে। এই তালিকায় ছোট-বড় সব ধরনের অপরাধীর নাম আছে। বিভিন্ন সংস্থা এই তালিকা তৈরি করেছে।