গরু বাঁধা নিয়ে বিরোধে প্রাণ গেল একজনের
নওগাঁ পৌরসভার শেখপুরা উত্তরপাড়া এলাকায় গরু বাঁধাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে প্রতিপক্ষের কিল-ঘুষির আঘাতে আবদুস সালাম (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
আবদুস সালামের বাড়ি বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায়। তিনি প্রায় ৩০ বছর ধরে শ্বশুরবাড়ি নওগাঁয় থাকেন।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্য, আবদুস সালামের স্ত্রী মাজেদা বেগম বাড়ির পাশে আসলাম হোসেনের জায়গায় খুঁটিতে গরু বেঁধে রাখেন। সন্ধ্যা ছয়টার দিকে এ নিয়ে আসলাম হোসেনের সঙ্গে আবদুস সালামের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সালামকে কিল-ঘুষি মারতে শুরু করেন আসলাম। সালাম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনা গতকাল সন্ধ্যার হলেও পুলিশকে খবর দেওয়া হয় আজ রোববার সকালে। নিহত সালামের মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে বলেও জানায় পুলিশ। তাঁর একটি দাঁতও ভেঙে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।